বিশ্ব মা দিবস আজ, মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, স্নেহময় ও ত্যাগী মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়।
‘মা’ শব্দটির মধ্যেই লুকিয়ে আছে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, নিরাপত্তা ও ত্যাগের এক অনন্য গল্প। সন্তানের হাসির জন্য একজন মা নিজের স্বপ্ন ও সুখ বিসর্জন দিতেও দ্বিধা করেন না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে এই দিনটি।
মা দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি আবেগঘন দিন। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততায় অনেক সময় মাকে বলা হয় না, “মা, তোমাকে ভালোবাসি।” অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় পাশে থাকেন এবং নিজের কষ্ট গোপন রাখেন।
আধুনিক মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৭ সালে ফিলাডেলফিয়ার আনা জারভিস তার মা আনা রিভস জারভিসের স্মরণে ছোট একটি আয়োজন করেন। আনা রিভস জারভিস শিশু মৃত্যুহার কমানো এবং মায়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। মায়েদের অবদান ও ত্যাগের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।
পরে ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালিত হয়। এরপর ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশেও দিনটির গুরুত্ব প্রতি বছর বাড়ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজন করছে। কেউ মাকে ফুল, শাড়ি কিংবা উপহার দিচ্ছেন, আবার কেউ মায়ের সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে বড় উপহার হিসেবে দেখছেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করেছে। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ডেজার্ট, ফুল ও উপহারে বিশেষ ছাড় দিচ্ছে। পাশাপাশি রাখা হয়েছে আকর্ষণীয় উপহার জেতার সুযোগও।
এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী ববিতাকে দেওয়া হবে ‘মা পদক ২০২৬’। চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় এবং ব্যক্তিগত জীবনে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বিশেষ এই দিনকে ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন প্রতিষ্ঠান নতুন সংগ্রহ এনেছে। বাজারেও এসেছে নানা ধরনের উপহারসামগ্রী।
তবে অনেকেই মনে করেন, মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মায়ের প্রতি সম্মান, যত্ন ও দায়িত্ববোধ হওয়া উচিত প্রতিদিনের। কারণ পৃথিবীর সব সম্পর্কের সংজ্ঞা বদলালেও ‘মা’ এখনো নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক।