পুলিশকে জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৪২ পিএম
পুলিশ সদস্যদের আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসন যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে শপথ নিতে হবে।
রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এই আয়োজন চলবে ১০ থেকে ১৩ মে পর্যন্ত।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি পুলিশের আধুনিকায়ন, পেশাদারিত্ব এবং ঐতিহাসিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেন।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন দেওয়া পুলিশ সদস্যদের আত্মত্যাগ রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একদিকে চট্টগ্রামে মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং অন্যদিকে রাজারবাগ পুলিশের প্রতিরোধ স্বাধীনতার সংগ্রামকে আরও শক্তিশালী করেছিল। তবে সে সময়কার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের নির্যাতন ও হয়রানির পর জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পুলিশের সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ভেতরে জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
সবশেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।