যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:০২ পিএম
যমুনা সেতু নির্মাণের কৃতিত্ব নিজেদের উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতু নির্মাণের উদ্যোগও তাদের সরকারই প্রথম নিয়েছিল।
সোমবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই নির্মাণ হওয়া উচিত ছিল। তবে কেন আগের সরকার এটি করেনি, তা তার জানা নেই। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সাধারণ মানুষের কাছে পদ্মা সেতুর ইতিহাস ও নির্মাণ প্রক্রিয়া তুলে ধরতে এ জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই জাদুঘরের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানতে পারবে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করে বাঁচিয়ে তুলতে হবে।