প্রশাসনের কোনো পদই স্থায়ী নয়, পেশাদারিত্বে জোর দিলেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:১৪ পিএম

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ দুই হাজার ছয় উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বা প্রশাসনের কেউই চিরস্থায়ী নন। ইতিহাসে এবং বিশ্বের বিভিন্ন দেশে বারবার তা প্রমাণিত হয়েছে। একইভাবে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়।

তারেক রহমান বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের পেশাদার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ইউনিফর্মের ভেতরে থাকলেও একজন মানুষ হিসেবে সবাইকে দেশের উন্নয়ন ও জনকল্যাণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। পদোন্নতি বা পছন্দের জায়গায় পোস্টিং নয়, বরং দায়িত্বের প্রতি নিষ্ঠাই মূল বিষয় হওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার পথে অগ্রগতি সম্ভব হবে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর জনগণের আস্থা বাড়লে মব ভায়োলেন্সসহ বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ হবে। গত দেড় থেকে দুই বছরে পুলিশ অনেক পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, পুলিশকে হতে হবে সত্যিকারের জনবান্ধব এবং জনগণের আস্থার প্রতীক। পুলিশ প্রশাসনের সাফল্যই সরকারের সাফল্যের সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। অপরাধী যেই হোক, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।

প্রযুক্তির পরিবর্তনের কারণে অপরাধের ধরন বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন অপরাধ শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত। তাই পুলিশকে আরও দক্ষ ও বহুমুখী হতে হবে।

তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

জনগণ ও পুলিশের সম্পর্ক আইনগত ও মানবিক হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970