কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করলো বাণিজ্য মন্ত্রণালয়

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ১২ এপ্রিল একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে ছাড়ানো, কাঁচা চামড়ায় পর্যাপ্ত লবণ ব্যবহার এবং সংগ্রহ করা চামড়ার সঠিক সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক টেক্সট বার্তা দেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকার বিষয়টিকে জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোরবানির চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়া শিল্প, রফতানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে। তবে অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি মোকাবিলায় এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970