বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাতের সময়সূচি প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২৪ পিএম
পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে এবারও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
এই জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এই তালিকা প্রস্তুত করে।
সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।