নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২৭ পিএম
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্যাতন ও ধর্ষণের ঘটনাগুলো এখন আর সহ্যসীমার মধ্যে নেই। সরকার এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে।
রামিসা হত্যা মামলা প্রসঙ্গে তিনি জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে মামলার চার্জশিট আজই দাখিল করা হবে এবং আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ শেষ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একাধিকবার প্রত্যর্পণ চুক্তির আওতায় চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত দেবে এবং তিনি দেশে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হবেন।