‘দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:০২ পিএম

ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রেখে হেনস্তার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় এবং শুরুতে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের সুযোগ দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন।

জাহেদ উর রহমান জানান, তিনি ব্যক্তিগতভাবে নয়, বরং সরকারের একজন প্রতিনিধি হিসেবে ওই সফরে গিয়েছিলেন। তাই ঘটনাটিকে তিনি রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় হিসেবে দেখেন এবং তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে কোনো ধরনের পাল্টা নেতিবাচক পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য তার ছিল না। বরং একটি বার্তা দেওয়া প্রয়োজন ছিল, যে এই সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত এবং রাষ্ট্রীয় সম্মান রক্ষায় সচেষ্ট।

ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট আইওআর-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে তিনি দিল্লি গিয়েছিলেন। এর আগে সফরের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

ঘটনাটি দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়। দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিকভাবে দেখা হচ্ছে এবং পরবর্তী করণীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970