প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৫ পিএম
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ও সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো জেলা প্রশাসনের কাছে কোনো লিখিত নির্দেশনা পৌঁছায়নি।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়।
তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার দুই সন্তানের নামের সঙ্গে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারেই দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। জাতীয় সংসদেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। পরবর্তীতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য তিনিও জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।