আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

ছবি: সংগৃহীত

আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান।

জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সূচনা হয়। পরবর্তীতে আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনের সময় বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। হেলিকপ্টার থেকেও গুলি চালানোর অভিযোগ ওঠে। এসব ঘটনাকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। টানা ৩৬ দিনের আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। অনেকের মতে, এই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, ভোটাধিকার, সুশাসন এবং নাগরিক অধিকার নিয়ে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করছে।

দিবসটি উপলক্ষে পৃথক বিবৃতি দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের শুভেচ্ছা জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

বিশেষ বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ঐক্য অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও বিশেষ প্রকাশনা প্রকাশিত হবে।

আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। এরপর সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একই ধরনের অনুষ্ঠান দেশের সব জেলাতেও আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি সম্প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঢাকাসহ দেশের প্রধান সড়ক, সড়কদ্বীপ ও জুলাই স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি জাদুঘর এবং শিশুদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্র সারাদিন বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ ছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে আশ্রয়কেন্দ্রগুলোতে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970