আবু সাঈদের ছবি ছাড়া ডকুমেন্টারি গ্রহণযোগ্য নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্রকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিত শহীদ আবু সাঈদের ছবি অনুপস্থিত থাকা অত্যন্ত দুঃখজনক।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ২৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বর্তমানে ৮২ বছর বয়সেও দেশের জনগণের শাসনব্যবস্থা ও গণতন্ত্রকে স্থায়ী করতে প্রয়োজন হলে আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত রয়েছেন।
অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত একটি জাতীয় অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। তিনি জানান, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং এ জন্য আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে এমন বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার বিষয়টি সরকারের অন্যতম দায়িত্ব উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া।