সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকের জন্য হাইকোর্টের জরুরি নির্দেশনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি সুস্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন, যাতে সড়ক দুর্ঘটনাসহ সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিধি প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম এবং সালাউদ্দিন হাসপাতালের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৮ সালে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীদের হামলায় আহত হন। পরে তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন দায়ের করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970