বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্তটি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মোটামুটি চূড়ান্ত করেছেন।

তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি মূলত দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা এখনো আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের বিষয়ে অবগত নন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলের রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970