২৯ বছর বয়সেই কেউ কেউ রাষ্ট্রক্ষমতা দখলে মরিয়া: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

২৯ বছর বয়সেই কেউ কেউ রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করেন। কিন্তু বাস্তবে জুলাই ১৭ বছরের আন্দোলনের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত।

তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছেন। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা সেই সুযোগ নেবে বলেও সতর্ক করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, এখনো হাজার হাজার জুলাই যোদ্ধা সরকারি গেজেটের অন্তর্ভুক্ত হতে পারেননি।

তিনি জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদপ্তর চালু করা হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে। তবে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বাধা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জুলাইয়ে যেসব চিকিৎসক চিকিৎসাসেবা না দিয়ে দায়িত্বে অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, জুলাই ছিল জনগণের উত্থান। এর কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় না গিয়ে জুলাইকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970