নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সফল ও যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি। প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে দলিল প্রস্তুত ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।
সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে রয়েছে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি। কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠন করা হয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি। আর আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে রয়েছে অভ্যর্থনা কমিটি।
অফিস আদেশ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কমিটি কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।