‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে তাকে হেয় ও লজ্জিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারী চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ওষুধ, ওজন কমানোর পণ্য ও চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেছেন তিনি।

শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

পোস্টে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী লীগ কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করছেন। তার দাবি, তাকে হেয় ও লজ্জিত করতেই এমন প্রচার চালানো হচ্ছে। তিনি নিজে মেডিসিনের চিকিৎসক হওয়ায় এ ধরনের প্রচার মিথ্যা বলেও উল্লেখ করেন।

তাসনিম জারা জানান, এতদিন তিনি এ অপপ্রচারের জবাব দেননি। কারণ, নিজেকে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ নন—এভাবে ব্যাখ্যা করতে গেলে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে লজ্জাজনক বিষয় হিসেবে দেখানোর প্রবণতাকেই এক ধরনের স্বীকৃতি দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি।

যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মানুষের অনেক ধরনের সমস্যা ও কষ্ট থাকে, যা মা-বাবা, বন্ধু কিংবা অনেক সময় স্বামী বা স্ত্রীর কাছেও বলা সম্ভব হয় না। এসব মানুষের পাশে দাঁড়ান যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা। তাদের চিকিৎসার মাধ্যমে ভেঙে যাওয়া সংসার জোড়া লাগতে পারে, নিঃসন্তান দম্পতির সন্তান হতে পারে এবং গভীর হতাশায় থাকা মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় মনে করার কারণে অসংখ্য মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন। সংকোচের কারণে চিকিৎসকের কাছে না গিয়ে অনেকে হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, ভুল ওষুধ খাচ্ছেন এবং বছরের পর বছর নীরবে কষ্ট সহ্য করছেন।

‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে’—এ ধরনের মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা। তিনি বলেন, এমন মন্তব্য দেখে তার করুণা হয়। তার দাবি, যারা এ ধরনের কথা বলেন, তারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিলেও প্রকৃত প্রগতিশীলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সহানুভূতিশীল আচরণ অর্জন করতে পারেননি।

তবে এবার কেন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, সেটিও নিজের পোস্টে ব্যাখ্যা করেছেন তিনি। তাসনিম জারা জানান, শুক্রবার রাতে এক শুভাকাঙ্ক্ষী তাকে একটি ছবির অনুলিপি পাঠান। সেখানে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬০টি বিজ্ঞাপন চালানোর বিষয়টি দেখতে পান তিনি।

তার অভিযোগ, প্রথমে তার ছবির সঙ্গে অশ্লীল বক্তব্য যুক্ত করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পরে ওই বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি এসব পণ্য বা সেবা বিক্রি করেন। তার নাম ও ছবি ব্যবহার করে একদল প্রতারক ওষুধ, ওজন কমানোর পণ্য এবং বিভিন্ন ধরনের ‘চিকিৎসা’ বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।

তাসনিম জারা স্পষ্ট করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, ওজন কমানোর পণ্য, চিকিৎসা বা চিকিৎসাসেবা বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে কোথাও কোনো পণ্য বা চিকিৎসাসেবা বিক্রি হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

গর্ভবতী মায়েদের জন্য তার তৈরি ‘সহায় প্রেগন্যান্সি’ অ্যাপেও কোনো পণ্য বিক্রি হয় না বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, অধিকাংশ মানুষ বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করেন। কেউ কেউ অর্থের বিনিময়ে এর উন্নত সংস্করণ ব্যবহার করেন।

নিজের নামে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের ছবি কিংবা ভিডিও দেখলে তা না কেনার পাশাপাশি আশপাশের মানুষকেও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, কারও যৌনস্বাস্থ্যজনিত সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যেতে সংকোচ করা উচিত নয়। অন্যান্য অনেক রোগের মতো এ ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970