উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ২৬২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
এতে আরও বলা হয়েছে, উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন।
অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। ওই আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও বিনোদন ভাতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনে মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদটি শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২, দেখতে ক্লিক করুন।