গুলিবিদ্ধ হাদির খোঁজ নিতে ঢামেকে মানুষের ঢল, কাঁদছেন সহযোদ্ধারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেন শুক্রবার বিকেল থেকে ভারী হয়ে উঠেছে উৎকণ্ঠায়। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির খোঁজ নিতে সেখানে ভিড় জমিয়েছেন ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকা অনেকের চোখেই কান্না। কারও কারও মুখে অবিশ্বাস আর আতঙ্ক। হাদির শারীরিক অবস্থার খবর শুনে কেউ দুই হাত তুলে প্রার্থনায় ব্যস্ত, কেউ আবার ভেঙে পড়েছেন হাউমাউ করে। বারবার একটিই কথা—হাদিকে যেন বাঁচিয়ে রাখেন সৃষ্টিকর্তা।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে আইসিইউ করিডোর, ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার—সব জায়গাতেই একই চিত্র। অপেক্ষা, উদ্বেগ আর গভীর অসহায়ত্বে ভর্তি মানুষ। হাসপাতালের বাইরে রাস্তার দু’ধারেও জমেছে হাজারো মানুষের ঢল।

হাদির রাজনৈতিক সহযোদ্ধাদের অনেকেই কথা বলতে পারছেন না। কেউ চুপচাপ দেয়ালে হেলান দিয়ে স্রেফ দাঁড়িয়ে আছেন, চোখ বেয়ে নামে অশ্রু। সহমর্মিতা জানাতে এসেছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকে। নেতাকর্মীদের কাঁধে হাত রেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে। কাছে দাঁড়িয়ে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ—হতবিহ্বল, নির্বাক।

ঢামেক বাইরে জড়ো হওয়া নেতা-কর্মী থেকে সাধারণ মানুষের সবার একটাই প্রত্যাশা—ওসমান হাদি যেন সুস্থ হয়ে ফেরেন।

ঢাবির শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘হাদি ভাইয়ের ওপর হামলা আসলে জুলাই আন্দোলনের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা। কিন্তু মানুষ তাকে মন দিয়ে ভালবাসে। তাকে এভাবে থামানো যাবে না।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970