লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।

এ বিষয়ে ডা. শফিকুর রহমান নিজের ফেসবুক পোস্টে জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে তিনি লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকেই তিনি মরদেহ দেখতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধি নন, তিনি দেশের সার্বভৌমত্বের প্রতীক। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে তার জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া করেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970