বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীব। একই আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে থাকার বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মার্কা যাই হোক না কেন, সরাইল-আশুগঞ্জ থেকেই তিনি নির্বাচন করবেন। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর থেকেই স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসে তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি।

এদিকে বিএনপি ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে নির্বাচনী সমঝোতার ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জমিয়তকে ছেড়ে দিয়েছে বিএনপি। সমঝোতা অনুযায়ী, উভয় দল নিজ নিজ নির্ধারিত আসনে একে অপরের বিপক্ষে প্রার্থী দেবে না।

তবে এই সমঝোতা থাকলেও জমিয়ত নেতারা ধানের শীষ প্রতীকে নয়, নিজ দলের প্রতীক খেজুর গাছেই নির্বাচনে অংশ নেবেন। চলতি বছরের ২৩ অক্টোবর নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদনের মাধ্যমে জোটভুক্ত হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিযোগিতার বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

উল্লেখ্য, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীব বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970