গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এ কথা জানিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের সবাইকে নির্বাচনি প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. মাহদী আমিন বলেন, জুলাই চার্টার তথা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির কিছু নোট অব ডিসেন্ট থাকলেও গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের যে দাবি উঠেছে, বিএনপি তা সমর্থন করে। তিনি বলেন, সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে বিএনপিই আগে কাজ করেছে। দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই সংস্কারের মৌলিক ভিত্তিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট।

তিনি আরও বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক বিষয় এবং এসব বিষয় সংসদে আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হবে। তবে সামগ্রিকভাবে গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে- এ সিদ্ধান্ত দলের সবাইকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অনবদ্য ভূমিকা রেখেছেন। তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে তার সফরগুলোতে পর্যায়ক্রমে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের সফরসঙ্গী করা হবে।

এর অংশ হিসেবে তরুণ ও তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, মামুন হাসান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রকিবুল ইসলাম রাকিব- তারেক রহমানের সিলেট সফরে তার সঙ্গে থাকবেন বলে জানান তিনি।

ড. মাহদী আমিন জানান, ঘোষিত তফশিল অনুযায়ী বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরের মধ্য দিয়েই দলের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় উল্লেখ করে মাহদী আমিন বলেন, এই নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি পূর্ণাঙ্গভাবে প্রতিপালনের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও জানান, নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং প্রকাশ করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970