জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে এগোনোর প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার যখন শুধু একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তখন বিএনপির মতে দেশের গণতন্ত্র নাকি ধ্বংস হয়ে গিয়েছিল। অথচ এখন দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরোপুরি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। কিন্তু এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না- এমন ইঙ্গিতও দেন তিনি।
তিনি আরও লেখেন, অবিলম্বে নির্বাচিত সরকারের অধীনে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় লোকজনকে পদে বসিয়ে লুটপাটের রাজনীতি বন্ধ করারও আহ্বান জানান তিনি।
সারজিস আলম বলেন, আগে দলীয় লোকদের প্রশাসক বানানো হবে, এরপর তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করা হবে। পরে ক্ষমতার অপব্যবহার করে নানা সুবিধা নেওয়া হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যক্তিদের দিয়েই সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন করিয়ে জয়ী করার চেষ্টা করা হবে। তার ভাষায়, এই রাজনৈতিক নীলনকশাই স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।
পোস্টে তিনি আরও লেখেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে—তারা কি অতীত থেকে শিক্ষা নেবেন, নাকি কিছু অতিচালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবেন। শেষে তিনি মন্তব্য করেন, নিশ্চয়ই অতিচালাকদের গলায়ই দড়ি পড়বে।