এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৪১ পিএম
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের আদেশক্রমে গেজেটটি জারি করেন সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজ।
এর আগে সোমবার রাতে নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রসঙ্গত, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন। বর্তমান সংসদের আসনবিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি সংরক্ষিত আসন পায়।
এই জোটের ১২ জন প্রার্থী শপথ নিলেও একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়। জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়ে যায়।
অন্যদিকে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে আবেদন করায় শুরুতে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং যাচাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়।
আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে।