আমার কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার: রাশেদ খাঁন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৫২ পিএম
জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, আমির হামজা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তাকে সাধারণ মানুষের কাছে ‘হত্যাযোগ্য’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। এর ফলে উগ্র সমর্থকদের মাধ্যমে যেকোনো সময় তার ওপর দলবদ্ধ হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, ভবিষ্যতে তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হলে এর সম্পূর্ণ দায় আমির হামজাকেই নিতে হবে।
একই পোস্টে আমির হামজার অতীত রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন তিনি। রাশেদ খাঁনের দাবি, এর আগে ওয়াজ মাহফিলে আমির হামজা নিজেকে ও তার পরিবারকে আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ না করলে সে যেই দলেরই হোক না কেন, তাকে জাহান্নামে যেতে হবে বলেও মন্তব্য করেছিলেন।
রাশেদ খাঁনের ভাষ্য, বিভিন্ন টেলিভিশন টকশোতে আমির হামজার অতীত রাজনৈতিক অবস্থান ও ‘ডিগবাজির’ বিষয় তুলে ধরার কারণেই সংসদ সদস্য তার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিলে সেটিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা যেত। তবে ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগ উসকে দেওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে প্রচারণা চালানো এখন সরাসরি তার জীবনের জন্য হুমকিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন মুহাম্মদ রাশেদ খাঁন। নুরুল হক নূরের সঙ্গে রাজপথে সক্রিয় থাকার পর তিনি গণঅধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এরপর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি পরাজিত হন।