নিজ দলের নেতারাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান না: কর্নেল অলি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার নিজের দলের অনেক নেতাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। তিনি দাবি করেন, বাইরের বিরোধীদের চেয়ে দলের ভেতরে থাকা দালালরাই প্রধানমন্ত্রীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, গত কয়েক মাস ধরে তিনি প্রধানমন্ত্রীকে বিভেদ সৃষ্টি করতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন। তার ভাষ্য, রাজনৈতিক বিভাজন বাড়লে সরকারের পতনের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।
তিনি আরও বলেন, মঙ্গলবার দেশের তিনটি স্থানে ঘটে যাওয়া হামলার ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, ক্ষমতাসীন দলের একটি অংশই তারেক রহমানের নেতৃত্বকে দুর্বল করতে চায়। চারপাশে ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত তাদের শনাক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে এলডিপির পক্ষ থেকে সরকারের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল এবং ২০০১ সালের মন্ত্রিসভাতেও জামায়াতের নেতারা দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রেক্ষাপটে সে সময়ের সরকার বা বিএনপিকে রাজাকার বলা হবে কি না—এ প্রশ্নও উত্থাপন করেন তিনি।
এ ছাড়া ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যৌথ আন্দোলনের বিষয়টি স্মরণ করিয়ে দেন কর্নেল অলি। তবে তিনি স্পষ্টভাবে জানান, তিনি কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হননি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় পুরো জাতি ঐক্যবদ্ধ থাকলেও পরে বিএনপি এ আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তার মতে, জুলাইয়ের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখা প্রয়োজন। পাশাপাশি বিভাজনের রাজনীতি পরিহার করে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।
বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন কর্নেল অলি আহমদ। গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি রাজধানীর সড়ক হকারদের দখলে চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি নিজ দলের হকারদেরই নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে দেশের বিশাল জনগোষ্ঠীকে কীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে, সেটিই বড় প্রশ্ন। জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করারও আহ্বান জানান তিনি।