মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
দেশে আরেকটি গণআন্দোলন বা বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে শিক্ষাঙ্গনের ঘটনাবলি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি জনগণকে সম্ভাব্য নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লব সামনে অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি; বরং ছাত্র-তরুণদের নেতৃত্বে এটি একটি গণআন্দোলনে পরিণত হয়েছিল। এ আন্দোলনের কৃতিত্ব দেশের সাধারণ মানুষের এবং নেতৃত্বের কৃতিত্ব তরুণ সমাজের। তাঁর ভাষ্য, জুলাই আন্দোলনের একক কোনো পরিকল্পনাকারী ছিল না; বরং দেশের কোটি কোটি নির্যাতিত মানুষই ছিল এর মূল শক্তি।
শহিদদের নিয়ে রাজনৈতিক বিভাজনের বিরোধিতা করে জামায়াত আমির বলেন, শহিদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা পুরো জাতির গর্ব। তিনি জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু ব্যক্তিদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান।
একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের দাবিগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না, সে বিষয়ে সরকারকে জবাব দিতে হবে। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের নেতারা। বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, রাজনৈতিক সংস্কার এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এদিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের খোঁজ নিতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা হয়েছে। তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে হামলার ঘটনা ঘটত, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।