৩১ দফা দিয়ে ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে এবং এরই মধ্যে ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং তা বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই। এর বাইরে একজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাবেন। গ্রামে বসে থাকা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য এটি অনেক বড় সহায়তা।

তিনি আরও বলেন, বাড়িতে বসেই শিক্ষকদের ব্যাংক হিসাবে আইবিএস প্লাস প্লাসের ডিজিটাল পদ্ধতিতে অর্থ পৌঁছে যাচ্ছে। এ জন্য কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে বলছেন, আগামী দুই দিন পর সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। এই সময়ে কী কী বাস্তবায়ন করেছেন, তা দেখতে বলা হচ্ছে। আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। এসবের অনেক কিছুই আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল না। এগুলো ৩২ নম্বর দফা।

এ সময় শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার উদ্যোগকে তিনি ‘৩৩ নম্বর’ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি তিনি রেখেছেন। দরিদ্র মা-বোনদেরও ভুলে যাননি। তাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিরোধীপক্ষ একসময় ফ্যামিলি কার্ড নিয়ে নানা মন্তব্য করেছিল। এখন তারাই জানতে চাইছে, ফ্যামিলি কার্ড কবে দেওয়া হবে।

আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের সব মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দেশের অর্থনীতিতে গতি আনবে। মানুষের হাতে অর্থ গেলে তারা বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনবেন। এর ফলে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সচল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বড় অঙ্কের ঋণ নিয়ে অনেকে অর্থ আত্মসাৎ করতে পারেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দরিদ্র মা-বোনদের হাতে অর্থ পৌঁছে দিলে তারা তা পরিবারের কল্যাণে ব্যয় করবেন। এর মাধ্যমে অর্থনীতিতে একটি ধারাবাহিক কার্যক্রম তৈরি হবে এবং নতুন নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে সন্তানদের শিক্ষিত করার সুযোগ তৈরি হবে। তারাই একসময় দেশের সম্পদে পরিণত হবে। দরিদ্র মানুষকে যদি দরিদ্রই রাখা হয়, তাহলে জাতির কখনো কল্যাণ ও মুক্তি সম্ভব নয়।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় কর্মসূচির আওতায় আনা হবে এবং তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সুবিধা পাবেন।

তিনি বলেন, এসব উদ্যোগ বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেবে। দেশের মানুষও বিশ্বাস করে, সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970