যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আলোচনায় যারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার অপেক্ষা শেষ হতে চলেছে। বিদায়ী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতোমধ্যে বিদায়ী বার্তা দিয়েছেন। দলীয় সূত্রের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদন পেলেই যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি।

দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্ব বাছাইয়ে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতার কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে মতামত নিয়েছেন তারেক রহমান। তাদের মতামতসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে নতুন কমিটি চূড়ান্ত করা হবে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বিদায়ী কমিটির শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

বৈঠকে বিদায়ী নেতাদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগের প্রশংসা করেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে নিয়ম অনুযায়ী নতুন প্রজন্মের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেওয়ার বিষয়ে তাদের বার্তা দেন তিনি।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নতুন নেতৃত্ব নির্বাচনে শীর্ষ নেতাদের মতামত গ্রহণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, নতুন নেতৃত্বের পছন্দের তালিকা গোপন ব্যালটের মাধ্যমে তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে। এসব মতামত ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।

নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক—দুটি শীর্ষ পদে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। পাশাপাশি খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েল, বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রের ভাষ্য, আমান উল্লাহ আমান শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ার পাশাপাশি রাজপথের কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি এবং তরুণ নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে সভাপতি পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, মাসুম বিল্লাহ এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নাম আলোচনায় রয়েছে।

দলীয় নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে মাঠে সক্রিয় ছিলেন সালেহ মোহাম্মদ আদনান। এ কারণে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তার নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল ও তারেক হাসান মামুনের নামও নতুন নেতৃত্বের আলোচনায় রয়েছে।

তবে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কমিটি নিয়ে তার কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি। এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি সাধারণত রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। ফলে নতুন ছাত্রদল কমিটি ঘোষণার ক্ষেত্রে তার স্বাক্ষরিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970