জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ধর্মকে ব্যবহার করে না: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জামায়াত জনগণের রাজনীতি করে- এ কথা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ধর্মকে কখনোই ব্যবহার করে না, বরং ধর্মকে কেন্দ্র করেই কাজ করে।

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বৈঠকে ইইউ প্রতিনিধিরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি এবং সাধারণ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে কোনও জটিলতা তৈরি হতে পারে কি না—এসব বিষয়ে জানতে চান। আমরা বলেছি, দেশের মানুষ এ বিষয়ে খুব বেশি সচেতন নয়, ফলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই দুটি নির্বাচন আলাদা করে আয়োজন করাই উত্তম। সরকার চাইলে এখনো সে সিদ্ধান্ত নিতে পারে।

ক্ষমতায় গেলে ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, কোনও দলকে বাদ দেওয়া হবে না। দেশের স্বার্থে জামায়াত মনে করে, ক্ষমতায় গেলে অন্তত আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা ফিরবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি সবাইকে দুর্নীতি না করার অঙ্গীকার এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই সমান বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এ মানদণ্ড পূরণে যারা রাজি থাকবেন, জামায়াত তাদের সঙ্গে সরকার গঠনে আগ্রহী।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সৃষ্ট সংকট প্রসঙ্গে তিনি বলেন, সুস্থতা-অসুস্থতা আল্লাহর হাতে। দেশবাসী তার সুস্থতা কামনা করছে, তবে কারও শারীরিক অবস্থার কারণে দেশের স্বাভাবিক গতিধারা থেমে থাকা উচিত নয়।

ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের সামান্য নড়চড় হলেও দেশ গভীর সংকটে পড়তে পারে। তাই দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970