দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৩২ এএম
প্রেম ও জুয়ার আসক্তি থেকে বেরিয়ে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ওমানে কর্মরত দুই বাংলাদেশি প্রবাসী। ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তারা প্রকাশ্যে প্রেম ও জুয়া থেকে দূরে থাকার শপথ নিয়েছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত আছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তারা দুধ দিয়ে গোসল করে ভবিষ্যতে প্রেম ও জুয়ার সঙ্গে আর জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
ওমানে অবস্থানরত প্রবাসী ইউসুফ আলীর দাবি, সাকিব ও সম্পদসহ হাতিয়ার কয়েকজন বাসিন্দা একসঙ্গে সেখানে কাজ করেন। তার ভাষ্য অনুযায়ী, সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন।
তিনি আরও জানান, কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থের বড় একটি অংশ তারা জুয়া ও নারীদের পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে বিদেশে পাঠালেও নিয়মিত অর্থ দেশে পাঠাতেন না বলেও অভিযোগ করেন তিনি। সহকর্মী ও রুমমেটরা একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও তাদের অভ্যাস পরিবর্তন করা সম্ভব হয়নি।
ইউসুফ আলীর ভাষ্য, সম্প্রতি বিপুল পরিমাণ অর্থ অপচয়ের পর রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন। এ সময় তারা ভবিষ্যতে প্রেম, জুয়া ও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। উপস্থিত ব্যক্তিরাও তাদের নতুন জীবন শুরুর জন্য শুভকামনা জানান।
এ বিষয়ে সাকিব ও সম্পদ বলেন, অতীতে তারা যে কাজগুলো করেছেন, সেগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না বলেও জানান তারা। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন।