হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:০৯ পিএম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আগত হাজিরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন।
রোববার এশার নামাজের পর থেকেই হাজিরারা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে তারা ইহরামের কাপড় পরিধান করবেন।
৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। সেখানে রাতযাপন শেষে মঙ্গলবার ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—হজের খুতবা।
চলতি বছর হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। খুতবার পর হাজিরারা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।
এরপর মুজদালিফায় রাতযাপন শেষে ১০ জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরারা। পরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন তারা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।