মাদরাসায় যৌন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব শায়েখ আহমাদুল্লাহর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:১২ পিএম
আবাসিক মাদরাসাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও অনিয়মের অভিযোগ প্রতিরোধে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ। একইসঙ্গে এসব অভিযোগ তদন্তের জন্য একটি পৃথক কমিশন গঠনের প্রস্তাবও তিনি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, আবাসিক মাদরাসাগুলোতে যৌন অনাচারের ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করার সুযোগ নেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরে আসছেন বলেও উল্লেখ করেন।
তিনি জানান, বর্তমানে তিনি হজ সফরে রয়েছেন। তবে দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন এবং প্রয়োজনীয় কার্যক্রমে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
পোস্টে তিনি বলেন, মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, শিক্ষকদের জন্য আলাদা পারিবারিক আবাসনের ব্যবস্থা, আবাসন ও শ্রেণিকক্ষ পৃথক করা এবং শিক্ষার্থীদের জন্য পৃথক খাটের ব্যবস্থা জরুরি।
এছাড়া মহিলা মাদরাসায় পুরুষ শিক্ষক বা স্টাফ নিয়োগ না দেওয়ার বিষয়েও তিনি পরামর্শ দেন।
শায়েখ আহমাদুল্লাহ আরও বলেন, কিছু ক্ষেত্রে প্রকৃত ঘটনা থাকলেও কখনও কখনও নিরপরাধ আলেম বা ইমামদের বিরুদ্ধেও অভিযোগ উঠতে পারে। এ প্রসঙ্গে ফেনীর একটি ঘটনার উদাহরণ টেনে তিনি দাবি করেন, ফরেনসিক পরীক্ষায় সেখানে অভিযোগের সঙ্গে স্থানীয় ইমামের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তিনি আরও উল্লেখ করেন, দেশের বড় ও পরিচিত মাদরাসাগুলোর তুলনায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট আবাসিক মাদরাসাগুলোতে এ ধরনের অভিযোগ বেশি শোনা যায়।
এ অবস্থায় হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। এই কমিশন অভিযোগ পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন তারা কোনো প্রতিষ্ঠানে চাকরি না পায়, সে বিষয়েও সুপারিশ করবে।
মাদরাসা শিক্ষাব্যবস্থার সুনাম ও জনআস্থা ধরে রাখতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।