মক্কায় কোরআনের ৪০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি প্রদর্শন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কোরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি বিরল পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে ইসলামি সভ্যতার সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দেশ-বিদেশের দর্শনার্থীরা।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদর্শিত পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর। এতে সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের নকশা এবং অত্যন্ত নিপুণ ক্যালিগ্রাফির ব্যবহার রয়েছে, যা সে সময়কার ইসলামি শিল্পকলার উৎকর্ষের সাক্ষ্য বহন করে।

পাণ্ডুলিপিটির প্রতিটি পাতা পুষ্পশোভিত নকশা ও কারুকার্যময় অলঙ্করণে সাজানো হয়েছে। বিশেষ করে সূরা আল-ফাতিহা সংবলিত শুরুর অংশে জ্যামিতিক নকশা ও সোনালি কারুকাজের অপূর্ব সমন্বয় দর্শনার্থীদের মুগ্ধ করছে।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, এই পাণ্ডুলিপি ইসলামি ক্যালিগ্রাফার ও অলঙ্করণ শিল্পীদের অসাধারণ দক্ষতার প্রতীক। নিখুঁত হস্তাক্ষর এবং শৈল্পিক অলঙ্করণের মাধ্যমে তারা কোরআনের লিখনশৈলীকে এক অনন্য শিল্পরূপে উপস্থাপন করেছিলেন।

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত জাদুঘরটিতে সংরক্ষিত বিভিন্ন পাণ্ডুলিপির মাধ্যমে কয়েক শতাব্দী ধরে কোরআনের লিখন ও অলঙ্করণশৈলীর বিবর্তন তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইসলামি পাণ্ডুলিপি শিল্পের বিকাশ এবং পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধাবোধও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবেই নয়, বরং ইসলামি সংস্কৃতি ও শৈল্পিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবেও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে।

বর্তমানে শতবর্ষপ্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটি জাদুঘরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে ইসলামি কারুশিল্পের এক মূল্যবান উত্তরাধিকার হিসেবে সমাদৃত হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970