২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী রমজান কবে শুরু হতে পারে, তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্দান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের পবিত্র রমজান ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন হিজরি ক্যালেন্ডারেও একই তারিখকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
হিজরি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের ২৯ তারিখ। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করবে।
প্রচলিত হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। এরপর ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামি মাসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এখনই রমজান ও ঈদের তারিখকে চূড়ান্ত বলা যাচ্ছে না। চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রমজান শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।