প্রবাসীর বাড়িতে ডাকাতি করায় কৃষকদল নেতাকে বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষক দল নেতা মো. সাহাবউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য এবং ১২ নম্বর চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার লক্ষ্মীপুর জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় নির্দেশনা অমান্য, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাহাবউদ্দিনকে তার পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ মার্চ গভীর রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বলি বাড়ি এলাকায় প্রবাসী সালমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি দল রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট করে।
পরে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে সেখানে রাত দেড়টার দিকে সংঘটিত ডাকাতির ঘটনায় সাহাবউদ্দিন ও তার সহযোগীদের সরাসরি অংশ নিতে দেখা যায়। ফুটেজে দেখা যায়, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা ঘরের বিভিন্ন মালামাল নিয়ে বের হয়ে যাচ্ছে। এরপরই ভিডিওচিত্রে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।