হিফজুল কোরআনে দেশসেরা কুমিল্লার মারজুক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কোরআন বিভাগে সারা দেশে যৌথ মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লার নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মারজুক বিন সোহেল।
বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, হিফজ বিভাগে ১০৩ নম্বর গ্রুপে ২০০ নম্বরের পরীক্ষায় পূর্ণ ২০০ নম্বর পেয়েছেন মারজুক। মাত্র ১১ মাস ২৩ দিনে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। একই গ্রুপে ছয়জন শিক্ষার্থী যৌথভাবে প্রথম হলেও তালিকার শীর্ষে রয়েছে তার নাম।
এর আগে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতি ও কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের অধীনে একাধিকবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন।
নিবরাস ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার বলেন, মারজুকের এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। তার কঠোর পরিশ্রম এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
অন্যদিকে তার শিক্ষক হাফেজ কারি জসিম উদ্দীন আবেদিন বলেন, এই অসাধারণ সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। একজন শিক্ষকের জন্য এটি বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।