নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় বৃদ্ধের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় হামলার ঘটনায় আবদুল হাইসহ তিনজন আহত হন।

নিহতের ছোট ছেলে মো. সুমন জানান, প্রায় এক বছর আগে তার বাবা স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।

এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। সেখানে লিটন চৌধুরীকে জমির কাগজপত্র দেখাতে বলা হলেও তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে দুই মাস সময় দেওয়া হয়। এ সময়ের মধ্যে তিনি ক্ষুব্ধ হয়ে জমিতে কাজ করতে হলে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে আবদুল হাই তা দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর মঙ্গলবার সকালে জমিতে কাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮ থেকে ১০ জন হামলা চালায়। এ সময় আবদুল হাইকে মারধর করে খালের পানিতে ফেলে দেওয়া হয়। হামলায় তার দুই ছেলেও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আবদুল হাইকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত লিটন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। কেউ অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970