বৈশাখী চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরে বৈশাখী চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে মুরগি বিক্রি করেন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮)সহ কয়েকজন দীর্ঘদিন ধরে পয়লা বৈশাখ উদ্‌যাপনের খরচের কথা বলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার দুপুরে তিনি দোকানে থাকা অবস্থায় বাবুল গাজী, শামীমসহ ১০ থেকে ১২ জন দোকানে হামলা চালায়। তারা ভাঙচুর করে এবং এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে চাপাতি দিয়ে তার হাতে আঘাত করা হয়।

খোকন মল্লিক আরও অভিযোগ করেন, এর আগেও একাধিকবার তার কাছ থেকে চাঁদার নামে টাকা আদায় করা হয়েছে এবং ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাবুল গাজী। তিনি বলেন, ভুক্তভোগী স্বৈরাচারের দোসর এবং বাজারে নিম্নমানের মুরগি বিক্রি করেন। এ নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970