ছাত্রকে নিপীড়নের অভিযোগ ওঠার পর মাদ্রাসা শিক্ষকের ‘বিষপানে’ মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্র নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসার পর এক মাদ্রাসা শিক্ষকের বিষপানে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত সাব্বির হোসেন (২৫) উপজেলার দেবীপুর গ্রামের প্রয়াত কাফিরুল ইসলামের ছেলে। তিনি তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার অব্যাহতি পাওয়া শিক্ষক ছিলেন।

স্থানীয়দের দাবি, সম্প্রতি এক শিশুকে প্রাইভেট পড়ানোর সময় তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় সালিশ বৈঠক হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সম্রাট বিশ্বাস জানান, অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি নওদাপাড়া গ্রামে নানার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে ঘাস পোড়ানোর জন্য ব্যবহৃত বিষাক্ত কীটনাশক পান করেন তিনি।

গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে আত্মগ্লানির কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970