বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ এএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আগে বহিষ্কৃত এক যুবদল নেতা পুনরায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। বহিষ্কারের প্রায় ছয় মাস পর দলীয় পদ ফিরে পাওয়ার পরই আবার একই অভিযোগে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাঘাটা থানার উপপরিদর্শক আব্দুল হান্নান ও সহকারী উপপরিদর্শক আবু কালাম আজাদের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বারোকোনা বাজারের একটি মোবাইল ফোনের দোকানের সামনে মাদক বিক্রির তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ও নাজমুল হক নয়নকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় ইসমাইল হোসেন নামে আরও একজন পালিয়ে যান। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম এর আগেও ২০২৫ সালের ২২ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরদিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে কিছুদিন পর তাকে গোপনে আবার ইউনিয়ন আহ্বায়কের পদে ফিরিয়ে আনা হয় বলে অভিযোগ রয়েছে।
পদ ফিরে পাওয়ার পর আবার মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার আহমেদ সুজন বলেন, মাদক কারবারিদের দলে কোনো স্থান নেই। খারাপ লোকদের প্রভাবে ভালো কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন জানান, বিশেষ পরিস্থিতিতে তাকে দলে নেওয়া হয়েছিল। তবে এবার অভিযোগ গুরুতর হওয়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।