নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:০১ পিএম
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে বৃষ্টির সময় উপজেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের দিলীপ চন্দ্র বর্মন (৪৫) এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের অনুকূল চন্দ্র মহন্ত (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা এবং ধান কাটার শ্রমিক ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের জীবন ও নারায়ণ। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দিলীপ চন্দ্র বর্মনের মৃত্যু হয়।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে মাঠ থেকে ধান সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। একই উপজেলার আরেক এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে আরও এক শ্রমিক নিহত হন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তাদের উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অন্যজন শ্রমিক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।