গাজীপুরে একসঙ্গে ভেঙে পড়ল ১৭টি বিদ্যুতের খুঁটি, স্কুলশিক্ষক নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিগঞ্জে হঠাৎ করে সড়কের পাশে একে একে ভেঙে পড়েছে ১৭টি বিদ্যুতের খুঁটি। এ ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে দীর্ঘ সময় সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

মঙ্গলবার দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার শিমুলিয়া (পূবাইল) এলাকায় টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলী আক্তার স্থানীয় শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং একজন স্কুলশিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল ১৩২/৩৩ কেভি সাবস্টেশন লাইনের সারিবদ্ধ ১৭টি বিদ্যুতের খুঁটি হঠাৎ সড়কের পাশে ভেঙে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় শর্টসার্কিটের আতঙ্কে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিউলী আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কের ওপর বড় আকারের একটি খুঁটি আড়াআড়িভাবে পড়ে থাকায় টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উদ্ধার ও সরানোর কাজ শুরু করে। তবে ধ্বংসস্তূপ সরাতে দীর্ঘ সময় লাগে। এতে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। প্রায় ৫ ঘণ্টা পর রাত ৮টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, কী কারণে একসঙ্গে খুঁটিগুলো ভেঙে পড়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় খুঁটির ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে এনার্জিপ্যাক কাজ করছে।

এ ঘটনায় পূবাইল ও কালিগঞ্জ এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

পূবাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুন্নবী বলেন, খুঁটি ভেঙে পড়ায় কালিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে টঙ্গী লাইনের মাধ্যমে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরায় চালু করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970