শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৫৯ পিএম
শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক এনামুল মিয়া শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করেন বাসিন্দারা।
অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে মেসেঞ্জারের মাধ্যমে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠকও হয়। এরপর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এরপর খবর ছড়িয়ে পড়লে রাতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের কাছ থেকে এনামুল মিয়াকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, জনতার ক্ষোভের মুখে অভিযুক্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।