ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মেয়ের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতার বিয়ে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

গত বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের আয়োজন ছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত—তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ অনেকে।

বিয়েতে শিবির কর্মী হত্যা মামলার আসামি ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুকে অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ও ভিডিওতে জামায়াত এমপি মাওলানা আবু তালিবকে তার হাতে খাবার গ্রহণ করতে দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক কর্মী মন্তব্য করে বলেন, “শিবির কর্মী হত্যা মামলার আসামির মেয়ের বিয়েতে যাওয়াটা লজ্জাজনক বিষয়।”

অন্যদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজের পূর্ব গেট এলাকা থেকে শিবির কর্মী শামীমকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে একই বছরের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত শামীমের বাবা রুহুল আমিন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জন অজ্ঞাতকে আসামি করা হয়।

বিয়েতে অংশগ্রহণের বিষয়ে জামায়াত এমপি মাওলানা আবু তালিব বলেন, রাখালগাছি এলাকায় তার গ্রামের বাড়ি থাকায় সামাজিক সম্পর্কের কারণেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। পাশাপাশি তিনি জানান, মামলার ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970