পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করা হলেও কোনো তথ্য মেলেনি।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর।

নৌ পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মরদেহটি উদ্ধারকালে যুবকের পরনে ছিল নেভি ব্লু রঙের জিনস প্যান্ট ও টিয়া রঙের টি-শার্ট। তার গলায় একটি গামছা শক্ত করে প্যাঁচানো ছিল এবং সেই গামছার অন্য অংশ দিয়ে তার দুই হাত বাঁধা অবস্থায় ছিল। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাকে ওই স্থানে হত্যা করে নদীতে ফেলা হয়েছে নাকি অন্য কোথাও থেকে মরদেহ ভেসে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, যেহেতু ঘটনাস্থল নৌ পুলিশের আওতাধীন, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তবে মরদেহে পচন ধরায় সঠিকভাবে আঙুলের ছাপ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য জানতে বেতার বার্তা পাঠানো হয়েছে। তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970