মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:৪১ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরের কিছু অংশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই এলাকায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দেয়। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে তারা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতরা হলেন লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে তারা সীমান্ত সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় মাইন পুঁতে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন স্থানে অজ্ঞাত বিস্ফোরক ও মাইন থাকার গুজব রয়েছে। এতে করে কৃষিকাজ ও চলাচলে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্তে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।