নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ওই বাড়িতে গিয়ে ভাঙচুর ও তাণ্ডব চালায়। একপর্যায়ে বাধা দিতে গেলে কুদরত, মিজান ও জনিকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ অভিযান চালিয়ে মাদক ও চাঁদাবাজির অভিযোগে সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।