খুলনায় মসজিদের বারান্দায় পড়েছিল দিনমজুরের রক্তাক্ত মরদেহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম
খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (দিনমজুর) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডালিম গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।
রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসা মুসল্লিরা মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, নিহতের মাথার ডান পাশে ও কপালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে রক্তমাখা একটি ইটও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ইট দিয়ে আঘাত করেই তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এর আগের দিন শনিবার দুপুরে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওমর ফারুক নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।