প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫৯ এএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফর উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে অবস্থান করে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ ওঠে।
স্লোগান শোনার পর ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে সোহেল রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি পেশায় একজন আনারস ব্যবসায়ী।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে এক ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জেলা সদরে যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার সফরকে ঘিরে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।