চিরকুট লিখে হুমকি ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও রাজনৈতিক হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল, ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না’, যা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান শরিফুল ইসলাম। পরদিন সকালে দোকান খুলতে এসে তিনি সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং একটি চিরকুট দেখতে পান।

চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।’

ঘটনার পর দোকান মালিকসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে গাংনী থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে সামনে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970